গোপালগঞ্জ প্রতিনিধি:
ঈদুল আযহা-পরবর্তী সময়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে গোপালগঞ্জ শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযান পরিচালনাকালে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়ায় রয়েল পরিবহনের একটি কাউন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৩০ মে) গোপালগঞ্জ শহরের পুলিশ লাইন বাস কাউন্টার এলাকায় এ অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন শরিফ।
অভিযানকালে তিনি বিভিন্ন পরিবহন কাউন্টারে গিয়ে যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং টিকিটের নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে কি না তা যাচাই করেন। এছাড়া বিভিন্ন বাসে উঠে যাত্রীদের কাছ থেকেও ভাড়ার বিষয়ে তথ্য সংগ্রহ করেন। এ সময় রয়েল পরিবহনের একটি কাউন্টারে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষকে সরকারি নির্ধারিত ভাড়া মেনে চলার নির্দেশনা দেওয়া হয় এবং যাত্রীদের সঙ্গে কোনো ধরনের অনিয়ম বা হয়রানি না করার জন্য সতর্ক করা হয়।
জেলা প্রশাসন জানায়, ঈদ-পরবর্তী সময়ে যাত্রীদের স্বার্থ সুরক্ষা এবং সড়ক পরিবহনে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বা প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাধারণ যাত্রীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত নজরদারি অব্যাহত থাকলে পরিবহন খাতে অনিয়ম কমবে এবং যাত্রীরা ন্যায্য ভাড়ায় সেবা পেতে পারবেন।
মোঃ আবিদ হাসান মুছা 








