মোঃ রাশেদ মাহমুদ,নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনিযুক্ত উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। নিজ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে উপ-উপাচার্যের দায়িত্বে দেখতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। তার এই নিয়োগকে ইতিবাচকভাবে দেখছেন সবাই।
নতুন উপ-উপাচার্যের দায়িত্ব গ্রহণের পর শিক্ষার মানোন্নয়ন, গবেষণার সুযোগ বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশার কথা জানিয়েছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
আইন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাঈদ সিকদার বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে প্রথমবারের মতো উপ-উপাচার্য নিয়োগ পাওয়ায় তিনি আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে একাডেমিক ভবন-৩-এর নির্মাণকাজ সম্পন্ন করে ক্লাসরুম সংকট নিরসন এবং গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দকৃত বাজেটের সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।
ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী অ্যাটিনা চাকমা বলেন, দীর্ঘদিন ধরে নোবিপ্রবিতে সুপেয় পানির সংকট শিক্ষার্থীদের অন্যতম ভোগান্তির কারণ। বিশেষ করে আবাসিক হলগুলোতে পর্যাপ্ত পানি সরবরাহ না থাকায় শিক্ষার্থীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি এ সমস্যার দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা করেন।
বাংলা বিভাগের শিক্ষার্থী আমিনুর রহমান রাতুল বলেন, নতুন উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক হওয়ায় শিক্ষার্থীদের সমস্যাগুলো তিনি আরও ভালোভাবে অনুধাবন করতে পারবেন। তিনি বাস সংকট ও যাতায়াত দুর্ভোগ দূর করতে বিভিন্ন রুটে বাস ও ট্রিপ সংখ্যা বৃদ্ধির দাবি জানান। পাশাপাশি আবাসন সংকট নিরসন, আধুনিক জিমনেসিয়াম স্থাপন, গবেষণার পরিবেশ সৃষ্টি এবং বাংলা বিভাগের ক্লাসরুম সংকট সমাধানের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বাংলা বিভাগের আরেক শিক্ষার্থী ফারজানা আইরিন বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের স্বার্থে রাজনীতির প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। তিনি শিক্ষক ও শিক্ষার্থীবান্ধব প্রশাসন গড়ে তোলা, ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধন এবং শিক্ষার প্রসারে অপূর্ণ কাজগুলো সততা ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করার আহ্বান জানান।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, নতুন উপ-উপাচার্য তাঁর প্রশাসনিক দক্ষতা, অভিজ্ঞতা ও শিক্ষার্থীবান্ধব মনোভাবের মাধ্যমে নোবিপ্রবিকে আরও আধুনিক, গতিশীল ও উন্নয়নমুখী বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
স্টাফ রিপোর্টার 










