বিশেষ প্রতিনিধি গোপালগঞ্জ,
ঈদের আনন্দে যখন দেশজুড়ে মানুষ পরিবার-পরিজনের সঙ্গে উৎসব উদযাপনে ব্যস্ত, তখনও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে নিরলস ছিলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। জনসেবার সেই ধারাবাহিকতার অংশ হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলায় এক মরহুম বীর মুক্তিযোদ্ধাকে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে।
ঈদ-উল-আযহার দ্বিতীয় দিন শুক্রবার (২৯ মে) গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন শরিফ সরকারের প্রতিনিধিত্ব করে মরহুম বীর মুক্তিযোদ্ধার দাফন অনুষ্ঠানে উপস্থিত থাকেন এবং রাষ্ট্রীয় সম্মান প্রদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
এ সময় গার্ড অব অনার, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা নিবেদনসহ রাষ্ট্রীয় মর্যাদার সকল আনুষ্ঠানিকতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা বীর সন্তানদের প্রতি জাতির শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসেবে সরকার মৃত্যুর পর তাঁদের রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিশ্চিত করে থাকে। আর সেই দায়িত্ব পালনে ঈদের ছুটিও বাধা হয়ে দাঁড়ায়নি মাঠ প্রশাসনের জন্য।
স্থানীয়দের মতে, উৎসবের ছুটির দিনেও একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রের সম্মান নিশ্চিত করতে প্রশাসনের এমন দায়িত্বশীল উপস্থিতি শুধু কর্তব্যপরায়ণতারই নয়, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় মূল্যবোধের প্রতিও গভীর শ্রদ্ধার প্রতিফলন।
ঈদের ছুটিতেও দায়িত্ব পালনে প্রশাসনের এই মানবিক ও পেশাদার ভূমিকা জনমনে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে এবং রাষ্ট্রীয় সেবার প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করেছে।
মোঃ আবিদ হাসান মুছা 








