মুন্সিগঞ্জের লৌহজং থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারি এবং আদালতের পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। ১৮ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ শনিবার পৃথক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
১৮ এপ্রিল বিকেল ৫টা ৫ মিনিটের সময় লৌহজং থানার এসআই পান্নু শেখ সঙ্গীয় ফোর্সসহ হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখানে জহিরুল ইসলাম সরদারের মুদি দোকানের সামনের পাকা রাস্তা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ গরিব উল্লাহ নামের এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গরিব উল্লাহ উপজেলার মৌছামান্দ্রা গ্রামের কহি সরদারের ছেলে।
একই দিনে অন্য এক বিশেষ অভিযানে লৌহজং থানার এসআই মো. নাছির সঙ্গীয় ফোর্সসহ সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মাহবুবুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামির বাড়ি উপজেলার হাট নওপাড়া গ্রামে, তিনি ওই গ্রামের আব্দুল কাদের আকন্দের ছেলে।
লৌহজং থানা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে যে, উভয় আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং জননিরাপত্তা রক্ষায় পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শফিকুল ইসলাম (মুন্সিগঞ্জ প্রতিনিধি) 









