রংপুরে হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশ (২৬)কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত পলাশ হারাগাছ থানার বাহারকাছনা এলাকার তেলিপাড়ার জাহিদু ইসলামের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর নগরীর সাহেবগঞ্জ এলাকায় মাদকাসক্ত পলাশের ছুরিকাঘাতে গুরুতর আহত হন এএসআই পিয়ারুল ইসলাম। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে এবং আসামি পলাশকে গ্রেফতার করা হয়। মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত এ রায় দেন।
রায়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের পাশাপাশি আরও দুটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে অতিরিক্ত পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ এস এম মাহামুদুল করিম (লিটন) বলেন, “অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।
শাফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি: 









