রংপুর নগরীতে পাম্পে তেল নিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মেহেদী হাসান নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর পর্যটন মোড় এলাকার সুরমা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
মেহেদী হাসান নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার মতিউর রহমানের ছেলে। তিনি বালাকুয়ার চওড়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে সুরমা ফিলিং স্টেশনে তেল নিতে লাইনে দাঁড়িয়েছিলেন মেহেদী হাসান। এ সময় হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যান। পরে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটির বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
শাফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি: 









