কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামে ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংঘর্ষ ও ভাঙচুরের মধ্যে কথিত পীর মো. শামীম রেজা (জাহাঙ্গীর) নিহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার (১১ এপ্রিল ২০২৬) দুপুরে ঘটনাটি ঘটে। অভিযোগ ওঠে, শামীম রেজা প্রকাশ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন মন্তব্য করেন।
বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও সাধারণদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।পরবর্তীতে তার পরিচালিত আশ্রমের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শতাধিক মানুষ। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে।
সংঘর্ষের এক পর্যায়ে শামীম রেজা ও তার কয়েকজন অনুসারী আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন ।
এর আগে তার বিরুদ্ধে ধর্মীয় পরিচয় পরিবর্তন ও প্রতারণার অভিযোগসহ নানা বিতর্কের কথা এলাকায় আলোচিত ছিল। স্থানীয়দের দাবি, তিনি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করতেন, যা নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল।
এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: 









