কুষ্টিয়ার ভেড়ামারায় সাপ্তাহিক ছুটির বিধান অমান্য করে ব্যবসা পরিচালনার অভিযোগে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার পরিচালিত এ অভিযানে ‘মোবাইল প্লাজা’ ও একটি টেক্সটাইল প্রতিষ্ঠানকে খোলা অবস্থায় পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আরোপ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।
এ সময় উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কুষ্টিয়ার শ্রম পরিদর্শক (সাধারণ) মোঃ রনিকুজ্জামান। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী প্রতি সপ্তাহে অন্তত দেড় দিন দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা বাধ্যতামূলক। তবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো এই বিধান উপেক্ষা করে নিয়মিত কার্যক্রম চালিয়ে আসছিল।
কর্তৃপক্ষ আরও জানায়, এর আগে একাধিকবার নোটিশ ও সতর্কবার্তা দেওয়া হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তা আমলে নেয়নি। পরবর্তীতে আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট জানান, শ্রমিকদের অধিকার সুরক্ষা ও শ্রম আইন কার্যকর রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: 









