মুন্সিগঞ্জের লৌহজং থানার বার্ষিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম। মঙ্গলবার (৭ এপ্রিল) দিনব্যাপী এই পরিদর্শন কার্যক্রমে তিনি থানার সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ পেশাগত দিক-নির্দেশনা প্রদান করেন।
অদ্য বার্ষিক পরিদর্শন উপলক্ষে পুলিশ সুপার মহোদয় লৌহজং থানায় উপস্থিত হলে থানা পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম এর নেতৃত্বে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পুলিশের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এরপর পুলিশ সুপার মহোদয় থানার অফিসার ও ফোর্সদের টার্ণ আউট, পোশাকের পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলার মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, সার্ভিস ডেলিভারি সেন্টার, বিভিন্ন সেরেস্তা ও থানা ব্যারাক ঘুরে দেখেন এবং প্রতিটি বিভাগের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। থানায় কর্মরত অফিসার ও ফোর্সের দৈনন্দিন কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন এবং পরিদর্শন বহিতে নিজের পর্যবেক্ষণ ও স্বাক্ষর লিপিবদ্ধ করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি সাধারণ মানুষের সেবা প্রাপ্তি সহজতর করা, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা এবং অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার পরামর্শ দেন। তিনি পুলিশ সদস্যদের ব্যক্তিগত সমস্যার খোঁজখবর নেন এবং পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান।
উক্ত পরিদর্শন কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিস) লিজা আক্তার ও শাহ শরফুদ্দিন মাহিনসহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ। জেলা পুলিশের এই নিয়মিত তদারকির মাধ্যমে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।
শফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ প্রতিনিধি: 









