আবু সাইফ
মেহেরপুর জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের চৌকস কর্মকর্তা শিল্পী রানী রায়। তিনি মুন্সিগঞ্জ শহরের এক গর্বিত ও কৃতি সন্তান। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বিদায়ী জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব হস্তান্তরকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
শিল্পী রানী রায় মুন্সিগঞ্জ শহরের বাগমামুদালিপাড়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে শহরের মানিকপুর এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। তার এই গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তিতে মুন্সিগঞ্জ জেলাজুড়ে আনন্দ ও গর্বের জোয়ার বইছে। মেধাবী এই কর্মকর্তা এর আগে রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং সবশেষ তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
মুন্সিগঞ্জের এই কৃতি সন্তানের সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের জোয়ার বইছে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়ে শুভকামনা ব্যক্ত করছেন। সকলের প্রত্যাশা, শিল্পী রানী রায়ের বলিষ্ঠ ও দক্ষ নেতৃত্বে মেহেরপুর জেলার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোসহ সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল এবং ত্বরান্বিত হবে।
স্টাফ রিপোর্টার 









