স্টাফ রিপোর্টার, কক্সবাজার:
কক্সবাজারে ভাইরাল হওয়া ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ ২০২৬) রাত আড়াইটার দিকে কক্সবাজার সদর থানাধীন লাবণী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গত ২৬ মার্চ ভোর ৬টার দিকে পৌরসভার লাইটহাউজ পাড়ায় সংঘটিত একটি ছিনতাইয়ের ভিডিও ২৮ মার্চ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইকারীদের শনাক্ত করে কক্সবাজার সদর থানা পুলিশ গ্রেফতারে অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় রবিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে লাবণী পয়েন্ট এলাকায় পুনরায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ভাইরাল ভিডিওতে থাকা দুইজনসহ কয়েকজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— খায়রুল আমিন ওরফে মুন্না (২৯), মহেশখালী উপজেলার শাপলাপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে ঝিলংজা এলাকায় বসবাসকারী; ও আব্দুর শুক্কুর (২৫), দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, খায়রুল আমিনের বিরুদ্ধে হত্যা, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।এছাড়া আব্দুর শুক্কুরের বিরুদ্ধেও আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ কয়েকটি মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার 









