নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
আসন্ন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন ২০২৬ ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বাড়ছে। এ পরিস্থিতিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দীন লিপটন।
রিয়াজ উদ্দীন লিপটন দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্বে রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে মামলা ও হয়রানির মুখোমুখি হলেও তিনি সংগঠনের কার্যক্রমে সক্রিয় ছিলেন। স্থানীয় পর্যায়ে তাঁর নিজস্ব কর্মী-সমর্থক বলয় রয়েছে।
মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে রিয়াজ উদ্দীন লিপটন বলেন, “গোপালগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব নগরীতে রূপান্তর করতে চাই। নাগরিক সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার।”
রাজনৈতিক পটভূমিতে উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার পতিত হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর জাতীয় সংসদ জনপ্রতিনিধিদের সকল পদ শূন্য ঘোষণা করা হয়। সেই সময় গোপালগঞ্জ পৌরসভার মেয়রও আত্মগোপনে চলে যান।
বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক পরিবর্তনের এই প্রেক্ষাপটে আগামী পৌরসভা নির্বাচন স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ সৃষ্টি করতে পারে। রিয়াজ উদ্দীন লিপটনের মেয়র পদে লড়াই জনগণের প্রত্যাশা ও স্থানীয় রাজনৈতিক শক্তির পুনর্মিলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মোঃ আবিদ হাসান মুছা 









