গোপালগঞ্জ প্রতিনিধি :
শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন খন্দকার নিজামুল হক। তিনি ৩৪তম বিসিএস (নন-ক্যাডার) থেকে যোগদান করা কাশিয়ানী উপজেলার এম.এ. খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার পর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি তার মেধা, পেশাগত দক্ষতা ও শিক্ষামূলক সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন। এর ধারাবাহিকতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের সম্মান অর্জন করেন তিনি।
খন্দকার নিজামুল হক ১৯৯০ সালের ৪ জানুয়ারি কাশিয়ানী উপজেলার প্রত্যন্ত বালু গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত খন্দকার নুরুল হালিম ছিলেন একজন প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। শিক্ষা জীবনে তিনি নিজ এলাকা থেকে এসএসসি, ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, তিনি আধুনিক ও প্রযুক্তিনির্ভর পাঠদান পদ্ধতিতে দক্ষ এবং শ্রেণিকক্ষে তার উপস্থাপন ভঙ্গি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে তিনি নিয়মিত সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে থাকেন।
জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় প্রতিক্রিয়ায় খন্দকার নিজামুল হক বলেন, উপজেলা পর্যায়ের পর জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন তার জন্য অনুপ্রেরণার। তিনি এ অর্জন বাবা-মা ও শিক্ষার্থীদের উৎসর্গ করেন এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তার এ সাফল্যে কাশিয়ানীর শিক্ষা পরিবারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার 









