কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
কুষ্টিয়া–৩ (সদর) আসনের নির্বাচনী মাঠে নতুন করে উত্তাপ ছড়িয়েছে জামায়াত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুফতি আমির হামজাকে ঘিরে। তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটিতে লিখিত আবেদন করা হয়েছে।
অভিযোগকারী আরিফুর রহমান সুমন, যিনি সদর উপজেলার বারখাদা ত্রিমোহনী এলাকার বাসিন্দা। তিনি জানান, গত ১৩ জানুয়ারি মনোহরদিয়া ও ঝাউদিয়া এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে প্রচারণা চালান মুফতি আমির হামজা। এই কার্যক্রম ‘দি রিপ্রেজেনটেশন অব দ্য পিপল অর্ডার ১৯৭২’ এবং ২০২৫ সালের নির্বাচনী বিধিমালার ১৮ নম্বর ধারা লঙ্ঘনের শামিল।
লিখিত অভিযোগের সঙ্গে একটি ফেসবুক আইডির লিংক যুক্ত করা হয়েছে, যেখানে সংশ্লিষ্ট ঘটনার ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে বলে দাবি করা হয়। অভিযোগকারী ওই ভিডিওকে প্রমাণ হিসেবে উল্লেখ করে অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
অভিযোগের বিষয়ে জানতে মুফতি আমির হামজার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।
এ প্রসঙ্গে কুষ্টিয়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় প্রতিবেদন নির্বাচন কমিশন ও জেলা নির্বাচন অফিসে পাঠাবে।
নির্বাচনী প্রচারণার এই অভিযোগ শেষ পর্যন্ত কী মোড় নেয়, তা এখন কুষ্টিয়া–৩ আসনের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
স্টাফ রিপোর্টার 









