মোঃ আবিদ হাসান মুছা, গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চিকিৎসক নেতা ডা. কে এম বাবর বলেছেন, নির্বাচিত হলে মাত্র তিন মাসের মধ্যেই জেলার স্বাস্থ্য খাতে দৃশ্যমান ও আমূল পরিবর্তন আনা হবে। তিনি গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টা অপারেশন সুবিধাসহ আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করার অঙ্গীকার করেন।
সম্প্রতি গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিলনা গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ‘পৌষ কীর্তন’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
ডা. বাবর বলেন, তার মেয়াদে সাধারণ রোগীদের উন্নত চিকিৎসার জন্য আর ঢাকায় কিংবা খুলনায় রেফার করার প্রয়োজন হবে না। বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স ও আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ চিকিৎসা সেবাকেন্দ্রে রূপান্তর করা হবে। তিনি গোপালগঞ্জকে একটি আদর্শ স্বাস্থ্যসেবা মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে ডা. বাবর বলেন,
“আপনারা এই দেশের সন্তান। আপনাদের ধর্মীয় নিরাপত্তা ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করা আমার নৈতিক দায়িত্ব। হারি কিংবা জিতি—সবসময় আপনাদের পাশে থাকব। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।”
নিজেকে এলাকার সন্তান হিসেবে উল্লেখ করে তিনি দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান খোকন বাবু, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক যোবায়ের শেখ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েস, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রদলের সভাপতি সোহান আল ইমাম, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ খান লিওনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
অনুষ্ঠান শেষে ডা. কে এম বাবর স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ মার্কায় ভোট দিয়ে এলাকার মানুষের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার 









