বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্তৃক আয়োজিত আন্তঃ রেজিমেন্ট/উইং দাবা ও ক্যারাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সুন্দরবন রেজিমেন্ট। এছাড়া আযান ও কিরাত প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
গত (১৭ মে) রবিবার দেশের বিভিন্ন রেজিমেন্ট ও উইংয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সুন্দরবন রেজিমেন্টের ক্যাডেটরা দক্ষতা, শুদ্ধ পরিবেশনা এবং কৌশলগত পারদর্শিতার পরিচয় দেন। আযান ও কিরাতের ফাইনাল পর্বে রমনা রেজিমেন্টের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে রানার্সআপ হয় সুন্দরবন রেজিমেন্ট।
অন্যদিকে, ক্যারাম ও দাবা প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে তারা।
চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি প্রদান করেন ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মাসউদ, বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি; মহাপরিচালক, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) । ট্রফি গ্রহণ করেন সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রায়হান (পদাতিক) এবং বিজয়ী ক্যাডেটবৃন্দ।
সুন্দরবন রেজিমেন্টের আওতাধীন সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের ক্যাডেট আনারুল বিশ্বাস সিয়াম বলেন, এই বিজয় শুধু আমাদের নয়; এটি সুন্দরবন রেজিমেন্টের সকল ক্যাডেট, সামরিক প্রশিক্ষক, রেজিমেন্ট কমান্ডার এবং সংশ্লিষ্ট সবার। বিজয় অর্জনের পর মহাপরিচালকের হাত থেকে পুরস্কার গ্রহণের অনুভূতিটা সত্যিই অন্যরকম। আমরা চাই আন্তঃ রেজিমেন্টের এ ধরনের প্রতিযোগিতা সবসময় অব্যাহত থাকুক।
সুন্দরবন রেজিমেন্টের আওতাধীন সরকারি ব্রজলাল কলেজের ক্যাডেট ল্যান্স কর্পোরাল মোঃ নাজমুল আলম বলেন, আমি ও আমার দল সুন্দরবন রেজিমেন্টের হয়ে আযান কিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রানার্সআফ হওয়ার গৌরব অর্জন করি। এই বিজয় ছিল আমাদের জন্য সত্যিই এক আনন্দ ও গৌরবের। একইসাথে সুন্দরবন রেজিমেন্টের হয়ে প্রতিনিধিত্ব করাটা ছিল আমাদের জন্য সম্মান ও গৌরবের। আমি আশা করি ভবিষ্যতেও এই প্রতিযোগিতার ধারা অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 








