রংপুর নগরীর সবুজবাগ এলাকায় গভীর রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১টা ৪৫ মিনিটে সবুজবাগ কমিউনিটি সেন্টার হাজীবাড়ির সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) এবং কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে।
অভিযানে গ্রেফতাররা হলেন—মো. রাশেদ মিয়া (৩৪), পার্বতীপুর এলাকার বাসিন্দা এবং মো. দিদার হোসেন উজ্জল (২৮), কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাগজানি এলাকার বাসিন্দা।
এ সময় তাদের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট (মোট ওজন প্রায় ৭০ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা। এছাড়া তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, একাধিক সিমকার্ড এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে, যার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শাফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি: 









