নিজস্ব প্রতিবেদক গোপালগঞ্জ
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রেসক্লাব গোপালগঞ্জের উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৬ মার্চ) প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, গোপালগঞ্জের অনেক ক্ষেত্রেই উন্নয়ন হলেও প্রেসক্লাবের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তিনি প্রেসক্লাবের বর্তমান টিনশেড ভবনের পরিবর্তে আধুনিক ভবন নির্মাণে সহযোগিতা করার আশ্বাস দেন।
পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সমাজে কোথাও দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়ম দেখলে নির্ভয়ে তা তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে তিনি সব সময় সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. তারেক সুলতান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন, ডিবি পুলিশের ওসি কামরুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিচুর রহমানসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
এ সময় বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং পরে আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব শরিফুল ইসলাম মোল্লা। এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মোঃ আবিদ হাসান মুছা 









