নিজস্ব প্রতিনিধি কুষ্টিয়া ।
চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা এবং পুরো দেশের মানুষের প্রার্থনাকে ব্যর্থ করে দিয়ে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছে কুষ্টিয়ার দৌলতপুরের শরীর জোড়া লাগা যমজ দুই বোন জয়নব ও উম্মে কুলসুম। জন্ম থেকে এক শরীরে বাঁচার আকুতি জানানো দুই বোনের জীবনের যুদ্ধ মাত্র তিন মাসেই থেমে গেল। একই সাথে পৃথিবীর আলো দেখা দুই বোনের শেষ ঠিকানাও হলো একই কবরে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মধ্যপাড়া গ্রামের স্থানীয় কবরস্থানে জানাজা শেষে দুই বোনকে একই কবরে দাফন করা হয়। এর আগে বুধবার দিনগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু দুটির নিথর দেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে জয়নব ও উম্মে কুলসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দিন দিন তাদের অবস্থা আশঙ্কাজনক হতে থাকে এবং একপর্যায়ে শিশুদের শরীর নীল হতে শুরু করে। বুধবার অবস্থার চরম অবনতি হলে তাদের হাসপাতালের আইসিইউতে (ICU) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে তারা।
যমজ শিশুদের বাবা নাহিদ হাসান জানান, মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা জানিয়েছেন দুই শিশুর হৃদপিণ্ডে প্রয়োজনীয় ধমনী পর্যাপ্ত ছিল না। ফলে জয়নব কিছুটা স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারলেও উম্মে কুলসুম মারাত্মক শ্বাসকষ্টে ভুগছিল। তারা কিছুটা সুস্থ না হওয়া পর্যন্ত আলাদা করার অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছিল না।
সন্তান হারানোর কষ্টে কাতর বাবা নাহিদ হাসান আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমার অবুঝ বাচ্চাদের বিরল শারীরিক সমস্যার কথা গণমাধ্যমে উঠে আসার পরই বিষয়টি সরকারের নজরে আসে। স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছিল। গণমাধ্যমকর্মী ও সরকারের এই সহায়তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।”
চলতি বছরের ৪ মে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) দৌলতপুরের বিলগাথুয়া গ্রামের নাহিদ হাসান (২৬) ও সানজিদা ইয়াছমিন মুক্তা (২২) দম্পতির কোল আলো করে জন্ম নেয় জয়নব ও উম্মে কুলসুম। জন্ম থেকেই শিশু দুটির বুক থেকে পেট পর্যন্ত অংশ জোড়া লাগানো ছিল।
সংবাদমাধ্যমে তাদের এই বিরল অবস্থার কথা প্রকাশিত হলে সারাদেশেই তোলপাড় সৃষ্টি হয় এবং পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণ করে। কিন্তু নিয়তির অমোঘ নিয়মে সব আয়োজন ও উন্নত চিকিৎসা ব্যর্থ করে চলে গেল দুই বোন। নিষ্পাপ দুই শিশুর এমন বিদায়ে প্রাগপুরের পুরো বিলগাথুয়া গ্রামে এখন চলছে শোকের মাতম।
তানভীর আজাদ । 



