কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় চলমান দোকান উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। পুনর্বাসনের সুনির্দিষ্ট নিশ্চয়তা ছাড়া কোনো ধরনের উচ্ছেদ কার্যক্রম না চালানোর দাবিতে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কয়েকশ ব্যবসায়ী এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শহরের কাটাইখানা মোড়, কলেজ মাঠ এবং ওয়াপদা গেট সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা এই কর্মসূচির ডাক দেন। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী। উচ্ছেদ তালিকায় থাকা এলাকায় একটি মসজিদসহ প্রায় ২৫০টি দোকান রয়েছে।এসব দোকানের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫ হাজার পরিবারের জীবিকা নির্ভরশীল।উন্নয়নমূলক কাজের জন্য জায়গা ছাড়তে তাদের আপত্তি নেই, তবে বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ করলে তারা পথে বসবেন।
ব্যবসায়ীদের মূল দাবি ও বক্তব্য মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা অভিযোগ করেন যে, প্রশাসনের সাথে ইতিপূর্বে আলোচনার সময় ছোট পরিসরে দোকান রেখে ব্যবসা চালিয়ে যাওয়ার প্রাথমিক সম্মতি থাকলেও বর্তমানে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বক্তারা বলেন: “আমরা প্রশাসনের উন্নয়ন বিরোধী নই। কিন্তু আমাদের উচ্ছেদ করার আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। শহরের কলেজ মোড় এলাকায় যেভাবে ফার্মেসির দোকানগুলো সুন্দরভাবে স্থানান্তর করা হয়েছে, আমাদের ক্ষেত্রেও সেই একই মানবিক মডেল অনুসরণ করা হোক।
মানববন্ধন শেষে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে ব্যবসায়ীরা তাদের ট্রেড লাইসেন্স, ভোটার আইডি সহ প্রয়োজনীয় সকল বৈধ কাগজপত্রের কথা উল্লেখ করে মানবিক দিক বিবেচনা করে দ্রুত পুনর্বাসন দাবি করেন।
কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্ছেদ আতঙ্ক কাটানো এবং জীবিকা রক্ষার সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়া হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: 









