মো. শফিকুল ইসলাম (মুন্সিগঞ্জ প্রতিনিধি)
মুন্সিগঞ্জ শহরের শিশুদের সুস্থ বিনোদনের পথ সুগম করতে আধুনিক পৌর শিশু পার্কের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার ( ২ এপ্রিল) সকাল ১০:০০ টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যে, একটি সুন্দর ও মেধা সম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে শিশুদের জন্য উন্মুক্ত স্থান ও বিনোদন কেন্দ্রের প্রয়োজনীয়তা অপরিসীম। এই আধুনিক পার্কটি শহরের শিশুদের মানসিক বিকাশে এক নতুন মাত্রা যোগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত মানু, মুন্সিগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।
মুন্সিগঞ্জ পৌরসভার প্রশাসক জনাব মৌসুমী মাহবুবের বিশেষ উদ্যোগে বাস্তবায়িত হতে যাওয়া এই আধুনিক শিশু পার্কটি নগরীর শিশু-কিশোরদের জন্য একটি নিরাপদ ও মানসম্মত বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অতিথিরা পার্কের এলাকাটি ঘুরে দেখেন এবং নির্মাণ কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন। আধুনিক নানা রাইড ও সবুজের সমারোহে সাজানো এই পার্কটি মুন্সিগঞ্জ পৌরবাসীর জন্য এক অনন্য উপহার হতে যাচ্ছে।
স্টাফ রিপোর্টার 









