মোঃ মেহেদী হাসান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
২৬ মার্চ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন এবং শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮টায় বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি এবং ফায়ার সার্ভিসের সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। তিনি কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বেলা সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর, কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, জেলা বিএনপির সদস্য ও বনপাড়া কলেজের অধ্যক্ষ আলহাজ্ব এম লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রাজু এবং বীর মুক্তিযোদ্ধা বয়েতুর রেজা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্য, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।
এর আগে ২৫ মার্চ সন্ধ্যায় বনপাড়া কালিকাপুরে অবস্থিত গণকবরে মোমবাতি প্রজ্জ্বলন, পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার 



