তানভীর আজাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার নির্বাচনী রাজনীতির সমীকরণ আরও স্পষ্ট হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জেলার চারটি সংসদীয় আসন থেকে মোট ৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা পদত্যাগ করেছেন। তবে সবাইকে অবাক করে দিয়ে কুষ্টিয়া-০১ (দৌলতপুর) আসনে কোনো প্রার্থীই পিছু হটেননি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসনের তথ্যমতে, কুষ্টিয়ার ৩০ জন বৈধ প্রার্থীর মধ্যে ৫ জন লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন।
কুষ্টিয়া-০২ (মিরপুর-ভেড়ামারা): এখান থেকে সরে দাঁড়িয়েছেন খেলাফত মজলিসের মো. আব্দুল হামিদ এবং বাংলাদেশ খেলাফত মজলিশের মোহাম্মদ আরিফুজ্জামান।
কুষ্টিয়া-০৩ (সদর): সদর আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন খেলাফত মজলিশের প্রার্থী মো. সিরাজুল হক।
কুষ্টিয়া-০৪ (খোকসা-কুমারখালী): এই আসনে এবি পার্টির মো. আবু বক্কর সিদ্দিক এবং স্বতন্ত্র প্রার্থী শেখ সাদী নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
ব্যতিক্রমী চিত্র দেখা গেছে কুষ্টিয়া-০১ (দৌলতপুর) আসনে। সেখানে বৈধ ঘোষিত প্রার্থীদের সবাই চূড়ান্ত লড়াইয়ে টিকে আছেন। শেষ দিন পর্যন্ত এখান থেকে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি।
নির্বাচনী গুঞ্জন ছিল যে, কুষ্টিয়ার আসনগুলোতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে বিশেষ সমঝোতা হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত আসন ভাগাভাগি বা সমঝোতা চূড়ান্ত না হওয়ায় কোনো দলই তাদের প্রার্থীদের প্রত্যাহার করেনি। ফলে কুষ্টিয়ার ভোট যুদ্ধে এই দুই দলই পূর্ণ শক্তিতে লড়বে।
তফসিল অনুযায়ী, আগামী ১২ জানুয়ারি সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন প্রত্যাহারের সময় পার হওয়ার পর কুষ্টিয়ার নির্বাচনী এলাকাগুলোতে এখন বইছে উৎসবের হাওয়া, শুরু হয়েছে প্রার্থীদের চূড়ান্ত প্রচার-প্রচারণা।
ঢাকা
,
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
কুষ্টিয়ায় ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার: দৌলতপুরে লড়াইয়ে অনড় সবাই
-
স্টাফ রিপোর্টার - সর্বশেষ আপডেট : ০৪:০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- ২৬০ বার দেখেছেন
অধিক পঠিত




