তানভীর আজাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে, ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে উপস্থাপনের অভিযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ওয়াজ মাহফিলের ভিডিও ভাইরাল হলে বিষয়টি নিয়ে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ধর্মীয় মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি মরহুম কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে উচ্চারণ করেন—যা অনেকের কাছে অসম্মানজনক বলে প্রতীয়মান হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়া জেলা বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে দেওয়া এক লিখিত বিবৃতিতে জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, একজন ইসলামি বক্তার কাছ থেকে এমন বক্তব্য অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। মরহুম ব্যক্তির নাম বিকৃত করে উপস্থাপন করা সামাজিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকেও দুঃখজনক।
এ বিষয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার জানান, জেলা বিএনপি আনুষ্ঠানিকভাবে ঘটনার প্রতিবাদ জানিয়েছে এবং নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।
সমালোচনার মুখে মুফতি আমির হামজা ফেসবুকে একটি ব্যাখ্যামূলক পোস্ট দেন। সেখানে তিনি জানান, ভিডিওটি ২০১৯ বা ২০২৩ সালের দিকে চট্টগ্রামের একটি তাফসির মাহফিলের। নামের সৌন্দর্য বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে উদাহরণ দিতে গিয়ে তিনি ভুল করেন এবং তখনই তা সংশোধন করেছিলেন।
আমির হামজা বলেন, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। দীর্ঘ সময় বক্তব্য দিতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে ‘স্লিপ অব টাং’ হতে পারে। তিনি দাবি করেন, পরবর্তী লাইভ অনুষ্ঠানগুলোতেও বিষয়টি অনিচ্ছাকৃত ছিল বলে তিনি ব্যাখ্যা দিয়েছেন।বর্তমানে আবারও তিনি দুঃখ প্রকাশ করেছেন।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি মহল পুরোনো বক্তব্যকে নির্বাচনকালীন বক্তব্য হিসেবে উপস্থাপন করে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করছে। এতে করে মরহুম একজন ব্যক্তিকেও অপ্রয়োজনীয়ভাবে বিতর্কের কেন্দ্রে আনা হচ্ছে, যা অনভিপ্রেত ও দুঃখজনক।
শেষে তিনি মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন।
এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা এখনও অব্যাহত রয়েছে, যা নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে।
স্টাফ রিপোর্টার 









