দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সীমান্ত পিলার ৮৪/৩-এস থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া মাঠের একটি মসুরক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রাত আটটার দিকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিজিবি এসব তথ্য নিশ্চিত করে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ লক্ষ্যেই বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি নিরলসভাবে কাজ করছে। সীমান্ত এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে, সে জন্য আমাদের সদস্যরা সর্বদা তৎপর।”
তিনি আরও জানান, মাদক, অস্ত্র ও সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি আইনানুগ প্রক্রিয়া শেষে দৌলতপুর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে বিজিবির টহল ও অভিযান জোরদার হওয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে নিরাপত্তা আরও শক্তিশালী করার দাবিও জানান তারা।
স্টাফ রিপোর্টার 



