স্টাফ রিপোর্টার বরগুনা
সারাদেশে আওয়ামী লীগ বিরোধী তীব্র গণ-অসন্তোষ এবং দলটির শীর্ষ নেতাদের পলাতক থাকার পরিস্থিতির মধ্যেই বরগুনা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নজরুল ইসলাম মোল্লার বিতর্কিত কর্মকাণ্ডে উত্তাল বরগুনার রাজনীতি। ঢাকার একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগ নেতাদের সাথে ‘গোপন বৈঠক’ এবং পরবর্তীতে নিজের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে আওয়ামী নেতাদের নিয়ে ঢাকার রাস্তায় হাঁটার ছবি ও ভিডিও প্রকাশ পাওয়ায় তাঁর রাজনৈতিক সততা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।
ঢাকার রেস্তোরাঁয় ‘গোপন ডিনার ও বৈঠক’
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সম্প্রতি ঢাকার একটি অভিজাত রেস্তোরাঁয় বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার সাথে দীর্ঘ সময় বৈঠক করেন। যেখানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনরোষের ভয়ে আত্মগোপনে আছেন, সেখানে বিএনপির একজন শীর্ষ প্রার্থীর সাথে তাঁদের এই বৈঠককে “সুবিধাবাদী আঁতাত” হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তৃণমূলের অভিযোগ, এই বৈঠকেই আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে কোনো গোপন সমঝোতা হয়েছে।

নিজস্ব কর্মী ও আওয়ামী নেতাদের নিয়ে রাজপথে মহড়া
সবচেয়ে বেশি বিতর্কের সৃষ্টি করেছে একটি ভিডিও চিত্র, যেখানে দেখা যায় ঢাকার রাস্তায় নজরুল ইসলাম মোল্লা তাঁর নিজস্ব একদল নেতা-কর্মীর সাথে হাঁটছেন এবং সেই দলেই রয়েছেন আমতলী উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা। কোনো রাখঢাক ছাড়াই নিজের কর্মীদের সামনে আওয়ামী লীগ নেতাদের সাথে তাঁর এই ঘনিষ্ঠতা দেখে হতবাক সাধারণ মানুষ।
বিস্ময় প্রকাশ করে বরগুনার এক সাধারণ নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন:
“আমরা ভেবেছিলাম তিনি আমাদের সেন্টিমেন্টের প্রতিনিধিত্ব করবেন। কিন্তু তিনি তো দেখি পলাতক আওয়ামী লীগ নেতাদের নিরাপদ আশ্রয়দাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। নিজের কর্মীদের সামনেই তিনি তাদের সাথে বন্ধুত্ব করছেন, এটা লজ্জাজনক।”
আওয়ামী লীগ বিরোধী সেন্টিমেন্ট ও ক্ষুব্ধ সাধারণ জনগন
বর্তমানে দেশে আওয়ামী লীগ বিরোধী যে মনোভাব বিরাজ করছে, তার বিপরীতে নজরুল ইসলাম মোল্লার এই অবস্থানকে ‘রাজনৈতিক বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখছেন বরগুনার সাধারণ জনগন।
স্টাফ রিপোর্টার 



