স্টাফ রিপোর্টার: মো: মোমিনুল ইসলাম দিপু
গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে চরমোনাই পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন চট্টগ্রাম মহানগর গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ পাটোয়ারী। আজ তিনি আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরের দায়িত্বশীল আলহাজ্ব মোহাম্মদ জান্নাতুল ইসলাম-এর হাতে সদস্য ফর্ম পূরণ করে তিনি সংগঠনে অন্তর্ভুক্ত হন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের সামনে সালেহ পাটোয়ারী নিজের অবস্থান ও রাজনৈতিক প্রত্যাশার কথা তুলে ধরেন।
সালেহ পাটোয়ারী বলেন, “ইসলাম, দেশ, মানবতা ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে একসাথে পথচলার অঙ্গীকার নিয়েই আজ নতুন যাত্রা শুরু করলাম। আমি বিশ্বাস করি, নৈতিকতা ও আদর্শভিত্তিক রাজনীতির মাধ্যমেই দেশের মানুষের প্রকৃত মুক্তি সম্ভব।”
তিনি আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামী মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার এবং মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কার্যকর ভূমিকা রাখছে বলেই তিনি এই সংগঠনে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ সালেহ পাটোয়ারীর যোগদানকে স্বাগত জানিয়ে বলেন, তার অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা চট্টগ্রাম মহানগরে দলকে আরও শক্তিশালী করবে। তারা আশা প্রকাশ করেন, নতুন এই সংযোজন ইসলামী আন্দোলনের গণভিত্তি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদানের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা দলটির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
স্টাফ রিপোর্টার 



