তানভীর আজাদ দৌলতপুর
কুষ্টিয়া প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লাহর দরগা বাজারে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত এ সভায় বিএনপি নেতারা সাম্প্রদায়িক সম্প্রীতি, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা খন্দকার আরিফুর রহমান আরিফ এবং বাবু ব্রজেন কুমার আরও উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহাবুবুর রহমান ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লাহর দরগা মন্দিরের সভাপতি বাবু অমিত কুমার। সভায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, “বিএনপি বিশ্বাস করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তায়। একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হলেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।” তিনি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও নাগরিক অধিকার রক্ষায় বিএনপির সুদৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে সকল সম্প্রদায়ের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তারা ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলনে সংখ্যালঘু সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।
সভায় স্থানীয় জনগণ তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ সেসব সমস্যার সমাধানে আন্তরিক উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন ।
স্টাফ রিপোর্টার 



