মোঃ মমিনুল ইসলাম দিপু
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-এর বিভিন্ন পদবীর ভাতাভোগী সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ই জানুয়ারি) ২০২৬ ইং দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহীনুর ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট আবু সোলায়মান বিভিএম এস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা কুদ্দুস ইয়াফীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত আনসার ও ভিডিপি সদস্যরা। সভায় অংশগ্রহণকারী সদস্যরা তাদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা, বিদ্যমান সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন সময়ে আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য সদস্যদের দক্ষতা বৃদ্ধি, সময়মতো ভাতা প্রদান এবং কল্যাণমূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট আবু সোলায়মান বলেন, সরকার আনসার ও ভিডিপি বাহিনীকে একটি সুসংগঠিত ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সদস্যদের উত্থাপিত যৌক্তিক সমস্যা ও প্রস্তাবনা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে বলে তিনি আশ্বাস দেন।
সভা শেষে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
স্টাফ রিপোর্টার 



