তানভীর আজাদ
দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়া জেলার বিভিন্ন সংসদীয় আসনে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হচ্ছে। দলীয় ঐক্য দৃঢ়করণ ও মাঠপর্যায়ের প্রস্তুতি জোরদার করতে কুষ্টিয়া জেলা বিএনপি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া-৪ (কুমারখালি–খোকসা) এবং কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনে পৃথক রাজনৈতিক বৈঠক ও তৎপরতা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের সার্বিক তত্ত্বাবধানে কুষ্টিয়া-৪ আসনে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলীয় প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি এবং নুরুল ইসলাম আনসার পরামানিক উপস্থিত ছিলেন। আলোচনায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা এবং ভোটের মাঠে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
অন্যদিকে জেলা বিএনপির নেতৃত্বের সমন্বয়ে কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনেও নির্বাচনী প্রস্তুতি জোরদার করা হয়। এ সময় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম আগামী ১২ ফেব্রুয়ারি ২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করতে হবে। দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানান ।
বৈঠক শেষে নেতারা আশাবাদ ব্যক্ত করেন, জেলা বিএনপির শক্তিশালী নেতৃত্ব ও সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে কুষ্টিয়া জেলার সবকটি আসনে বিএনপি আগামী নির্বাচনে ইতিবাচক ফল অর্জনে সক্ষম হবে।
স্টাফ রিপোর্টার 









