মোঃ মমিনুল ইসলাম দিপু
গাইবান্ধা জেলা প্রতিনিধি
ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় গাইবান্ধায় শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। চলতি বছরের পৌষ মাসের শুরুতেই প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। ফলে শীতের অনুভূতি আরও বেড়ে গেছে। উত্তরের হিমেল বাতাসে নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, রিকশাচালক ও খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।
শীতের কারণে জেলার বিভিন্ন স্থানে খোলা আকাশের নিচে বসবাসকারী মানুষ ও শিশুদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। বিশেষ করে বয়স্ক ও শিশুরা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।
এদিকে শীতের তীব্রতা বাড়ায় সকালবেলায় সড়কগুলোতে যান চলাচল কম দেখা গেছে। কুয়াশার কারণে দূরপাল্লার যানবাহন চলাচলেও ধীরগতি লক্ষ্য করা যায়।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, উত্তরের হিমেল বাতাস অব্যাহত থাকায় আগামী কয়েকদিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
শীতার্ত মানুষের কষ্ট লাঘবে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শুরু করেছে। তবে পর্যাপ্ত সহায়তার জন্য আরও উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
স্টাফ রিপোর্টার 









