মোঃ মমিনুল ইসলাম দিপু
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হরিণাবাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকায় আবাদি জমির মাটি কেটে বিক্রির মহোৎসব চলছে। প্রকাশ্য দিবালোকে ফসলি জমি থেকে মাটি কেটে অবৈধভাবে বিক্রি ও পরিবহন করা হলেও বিষয়টি দেখার যেন কেউ নেই।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত অবৈধ কাঁকড়া ও ট্রাকযোগে জমির মাটি বহন করা হচ্ছে। এসব যানবাহনের উচ্চ শব্দ ও ধুলাবালিতে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। এতে পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরকারি বিধি অনুযায়ী আবাদি জমির মাটি কাটা ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হলেও তা উপেক্ষা করেই এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নিরব ভূমিকার সুযোগ নিয়েই তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
এলাকাবাসী জানান, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একাধিকবার অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে ক্ষোভ ও হতাশা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে অবৈধভাবে আবাদি জমির মাটি কাটা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার 



