মোঃ মমিনুল ইসলাম দিপু
গাইবান্ধা জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বিশেষ অভিযানে ভারতীয় গবাদিপশু ও মাদকসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের বাজারমূল্য প্রায় ২৯ লাখ টাকা।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
বিজিবি সূত্র জানায়, কুড়িগ্রাম সীমান্তের বিভিন্ন এলাকায় চোরাচালান প্রতিরোধে গত ৭২ ঘণ্টা ধরে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মোট ২৮ লাখ ৪১ হাজার ৪০০ টাকা মূল্যমানের বিভিন্ন ধরনের অবৈধ ও নিষিদ্ধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ ও গরু, মদ, গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, চিনি, ফুচকা, কসমেটিকসসহ বিভিন্ন ভোগ্যপণ্য ও নিষিদ্ধ সামগ্রী।
বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 









