মানবকণ্ঠের রংপুর প্রতিনিধি মহিউদ্দিন মখদুমীর ওপর সন্ত্রাসী হামলার বিচার ও সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
- রোববার (১ মার্চ) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে), প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব স্বপন চৌধুরী, রংপুর রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি মাহমুদুল হাসান, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন ডেমি, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ফেরদৌস কবির জয় এবং সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলন আল মামুন।
মানববন্ধনের শুরুতে হামলার ঘটনার বিবরণ তুলে ধরেন দৈনিক মানবকণ্ঠ–এর রংপুর প্রতিনিধি ও সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদুমী। তিনি বলেন, “পেশাগত দায়িত্ব পালনের কারণে আমাকে পরিকল্পিতভাবে হামলার শিকার হতে হয়েছে। তবে পুলিশের দ্রুত তৎপরতায় মামলার আসামিরা আদালতের আওতায় এসেছে।”
তিনি এ ঘটনায় সার্বিক সহযোগিতার জন্য রংপুরের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) এবং কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও মামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য গুরুতর হুমকি। স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হলে গণতান্ত্রিক ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়। অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন বক্তারা।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা সাংবাদিক মহিউদ্দিন মখদুমীর ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজন আসামি জামিন পেলেও প্রধান আসামির জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।
শফিকুজ্জামান সোহেল,স্টাফ রিপোর্টারঃ 









