মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান-এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ) মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বিদায়ী কর্মকর্তার কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন এবং জেলা পুলিশ মুন্সিগঞ্জের পক্ষ থেকে তাকে বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এসময় তিনি মো. মনিরুজ্জামানের পেশাদারিত্বের কথা স্মরণ করে তার ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী পরিদর্শক (তদন্ত) তার বক্তব্যে মুন্সিগঞ্জে কর্মরত থাকাকালীন সহকর্মীদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
শফিকুল ইসলাম ভূঞা ( মুন্সিগঞ্জ) 









